লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: শুভ জন্মাষ্টমী ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় মোট ১৪.৫ মেট্রিক টন চালের জিআর বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে বরাদ্দের সরকারি আদেশ (জিও) তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফীর উপস্থিতিতে জিআর বরাদ্দের জিও হস্তান্তর করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রশাসক এ. কে. এম. ইরাদত।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলার ৬টি উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, সকলের সম্মিলিত সহযোগিতায় জন্মাষ্টমীর অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে তারা আশাবাদী।