নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজের অসংগতি তুলে ধরা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কলম ধরা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই একজন প্রকৃত সাংবাদিকের প্রধান দায়িত্ব। কিন্তু সেই মহান পেশার পরিচয় ব্যবহার করে কেউ যদি ব্যক্তিগত স্বার্থ হাসিল, প্রভাব বিস্তার কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে তা শুধু সাংবাদিকতা পেশার জন্য নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগজনক।
বগুড়ার শেরপুর উপজেলায় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে অনৈতিক প্রভাব বিস্তার, সুবিধা গ্রহণ এবং পেশার অপব্যবহারের নানা অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, এসব ব্যক্তির কর্মকাণ্ডের কারণে প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ছে।
অভিযোগ রয়েছে, কথিত কয়েকজন সাংবাদিক সামান্য সুযোগ-সুবিধার আশায় গভীর রাত পর্যন্ত থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে অবস্থান করেন। কখনো এক কাপ চা কিংবা সামান্য খাবারের প্রত্যাশায় সংশ্লিষ্ট কার্যালয়ে ঘোরাফেরা করেন। আবার বিভিন্ন সময় সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে নানা ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।
এমনকি সার সংকটের সময় কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সার ডিলারের কাছ থেকে সার উত্তোলন করে বেশি দামে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। বিভিন্ন মাটির পয়েন্টে গিয়ে চাঁদা বা আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও স্থানীয়দের আলোচনায় এসেছে। তবে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি।
এ ছাড়া বিশালপুর ইউনিয়নের জামাইল হাট, রানির হাটসহ বিভিন্ন স্থানে কয়েকজন কথিত সাংবাদিকের অশোভন আচরণকে কেন্দ্র করে মারধরের ঘটনার কথাও স্থানীয়ভাবে আলোচিত হয়েছে। অভিযোগ অনুযায়ী, এসব পরিস্থিতিতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে বাধ্য হয়েছেন।
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, সাংবাদিকতার পরিচয় বহন করলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের পেশাগত অবস্থান ও গ্রহণযোগ্যতা নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন রয়েছে। বারবার গণমাধ্যম প্রতিষ্ঠান কিংবা কর্মস্থল পরিবর্তন করেও কেউ কেউ নিজেদের পেশাগত অবস্থান সুদৃঢ় করতে পারেননি বলে অভিযোগ রয়েছে।
সাংবাদিকতা কোনো ব্যক্তিগত প্রভাব বিস্তারের হাতিয়ার নয়, এটি মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা। একজন প্রকৃত সাংবাদিক কখনো সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করেন না, ব্যক্তিস্বার্থে পেশার পরিচয় ব্যবহার করেন না কিংবা ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেন না।
শেরপুরের সচেতন নাগরিকদের প্রত্যাশা, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদেরও ঐক্যবদ্ধ হয়ে অপসাংবাদিকতা ও সাংবাদিকতার পরিচয়ের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন।
কারণ, সাংবাদিকতার পরিচয় পরিচয়পত্রে নয়, মানুষের বিশ্বাস, সততা, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীল আচরণে প্রতিষ্ঠিত হয়। অপসাংবাদিকতার কারণে যেন প্রকৃত সাংবাদিকদের সম্মান ও মর্যাদা প্রশ্নবিদ্ধ না হয়—এটাই সময়ের দাবি।**