শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকসসহ একটি সিএনজি জব্দ করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সওদাগর বাড়ি চৌরাস্তা এলাকা থেকে সিএনজিটি জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি যাত্রীবাহী সিএনজিতে করে ভারতীয় কসমেটিকস পরিবহনের সময় স্থানীয়রা গাড়িটি আটক করেন। এ সময় চালক কৌশলে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিসহ মালামাল থানায় নিয়ে যায়। জব্দ করা পণ্যের মধ্যে ১ হাজার ৪৪০টি জনসন বেবি সোপ ও ৫৭৬টি সেসা হেয়ার অয়েল রয়েছে। এসব পণ্যের জব্দমূল্য আনুমানিক ৩ লাখ ৩৬ হাজার ৯৬০ টাকা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সিএনজিটির চালক ছিলেন মাটিফাটা এলাকার আশরাফুল ইসলাম। অভিযোগ রয়েছে, তিনি কর্ণঝোড়া এলাকার বিপ্লব মিয়ার ভারতীয় কসমেটিকস বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কাজ করতেন। সিহাব হাসান নামে এক ব্যক্তি জানান, সিএনজিটি আটকের পর চালক আশরাফুল এসব পণ্য বিপ্লবের বলে উল্লেখ করেন।
এদিকে কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামের আদিল মিয়া জব্দ করা কসমেটিকস ছাড়িয়ে নিতে গেলে স্থানীয়দের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় তিনি বিভিন্ন নেতা ও সংসদ সদস্যকে মাসিক টাকা দিয়ে ব্যবসা পরিচালনার দাবি করেন বলেও অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, বিপ্লব দীর্ঘদিন ধরে মেঘাদল সীমান্তকেন্দ্রিক অবৈধ ভারতীয় কসমেটিকস ও গরুর ব্যবসার সঙ্গে জড়িত। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও দাবি স্থানীয়দের। এছাড়াও অবৈধ ব্যবসার টাকা ব্যবহার করে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় বিভিন্ন কাজও করে যাচ্ছেন তিনি।
স্থানীয়দের প্রশ্ন, মাঝেমধ্যে অবৈধ পণ্য জব্দ হলেও এসব পণ্যের প্রকৃত মালিক ও নেপথ্যের ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছেনা।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।