মোঃ মোত্তালিব সরকার, উত্তরবঙ্গ ব্যুরো প্রধান: বগুড়ার শেরপুরে খাবারের মান ও পরিবেশ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগে একটি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে পচা-বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্য সংরক্ষণে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত বগুড়ার শেরপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় অবস্থিত ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে’ এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসক, বগুড়ার সার্বিক নির্দেশনায় এবং শেরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন।
অভিযান চলাকালে হোটেলটির রান্নাঘর ও খাদ্য প্রস্তুত এবং সংরক্ষণের বিভিন্ন স্থানে একাধিক গুরুতর অনিয়ম নজরে আসে। এর মধ্যে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, গরুর শুকনো গোবর সংরক্ষণের স্থানের পাশে পরোটার ময়দার খামির তৈরি এবং ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কারের মতো অপরিচ্ছন্ন চিত্র পাওয়া যায়।
এ ছাড়া তৈরি করা খাবার অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, পোড়া তেলে খাবার প্রস্তুত এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়গুলোও অভিযানে উঠে আসে।
এসব অনিয়ম ও অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় অপরাধের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।
অভিযানে উপস্থিত ছিলেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মোঃ মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। অভিযানের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে শেরপুর থানা পুলিশের একটি দল।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, জনস্বাস্থ্য সুরক্ষায় খাবারের মান, পরিচ্ছন্নতা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।