আব্দুল বাছিত খান,মৌলভীবাজার:
বিভিন্ন মামলার তদন্তে বিশেষ সাফল্য, আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার এবং আসামিদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশেষ পুরস্কার পেয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পারভেজ ভূইয়া। বুধবার (৪ নভেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সেগুলোর সমাধান এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রেখে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জেলা পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।আসন্ন শীত মৌসুমে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি নিশ্চিত করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেন পুলিশ সুপার।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply