মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ‘নবাব কাচ্চি ডাইন রেস্টুরেন্ট’-কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রেস্টুরেন্টটিতে রান্না করা খাবার উন্মুক্তভাবে সংরক্ষণ, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একসঙ্গে রাখা এবং কাচ্চি বিরিয়ানিতে নন-ফুডগ্রেড রং ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। এছাড়া বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবানের ব্যবস্থাও পাওয়া যায়নি।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আনোয়ার হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply