(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের বাদে সোনাপুর এলাকায় রাস্তার ওপর বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা ডাকাতি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাদে সোনাপুর এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি রাস্তার ওপর বাঁশ কাটাকে কেন্দ্র করে স্থানীয় ইজ্জাদুর রহমানের স্ত্রী মুন্নি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী কয়েকজন বাসিন্দার বিরোধ ও ঝগড়াঝাটির সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাও দেখা দেয়।
এলাকাবাসীর দাবি, পরবর্তীতে ডাকাতির অভিযোগ এনে মুন্নি আক্তার বাদী হয়ে গত ২৫ আগস্ট মৌলভীবাজার আদালতে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। তাদের অভিযোগ, মামলায় এলাকার নিরীহ মানুষকে আসামি করে হয়রানি করা হচ্ছে এবং মামলা ও গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে।
প্রতিবাদ সভায় ফারুক মিয়া ও রফিক মিয়া অভিযোগ করে বলেন, ডাকাতি মামলার পরও বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়ার ঘটনা ঘটছে। পরবর্তীতে নিরীহ লোকজনকে আসামি করে আরও একটি মামলা করা হয়েছে বলেও তারা দাবি করেন। তারা এসব মামলার সুষ্ঠু তদন্ত এবং হয়রানি বন্ধের দাবি জানান।
মাওলানা বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শামছুজ্জামান, ফারুক মিয়া, রফিক মিয়া, বাপ্পারাজ, পাবেল, পারভেজ, বক্কর মিয়া, আবু তাহের, মজমিল, রনি মিয়া, শাকিলসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি বা ভয়ভীতির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান তারা।
এদিকে, এসব অভিযোগের বিষয়ে মুন্নি আক্তারের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দীন বলেন, “এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই। আদালত থেকে মামলার তদন্ত সংক্রান্ত কোনো কপিও এখনো আমাদের কাছে আসেনি।”
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply