শেখ সাজেদুল হক (বোরাক) : মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি বা ১০ টন অবৈধ পলিথিন নিলামে বিক্রি করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। প্রতিযোগিতামূলক দরপ্রস্তাবের মাধ্যমে পলিথিনগুলো পাঁচ লাখ ৬৭ হাজার টাকায় বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান নির্ধারিত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনে নিলামে বিক্রি হওয়া পলিথিন ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ কবির ও পরিবেশ অধিদপ্তর, মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিলামের আগে বস্তা থেকে পলিথিন বের করে ওজন করা হয়। পরে সেগুলো কেটে ছোট ছোট টুকরো করা হয়। এরপর চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজালাল প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং হাউসের প্রতিনিধির কাছে পলিথিনগুলো বুঝিয়ে দেওয়া হয়।
নিলামের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতামূলক দরপ্রস্তাবের ভিত্তিতে সর্বোচ্চ দরদাতা হিসেবে শাহজালাল প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং হাউস পাঁচ লাখ ৬৭ হাজার টাকায় পলিথিনগুলো কিনে নেয়।
পরিবেশ অধিদপ্তর, মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থান থেকে এসব অবৈধ পলিথিন জব্দ করা হয়েছিল। পরে আদালতের নির্দেশনা ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিলামের ব্যবস্থা করা হয়।
তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী নিলামে পলিথিনগুলো কিনে নেওয়া প্রতিষ্ঠান বিশেষ প্রযুক্তির মাধ্যমে টুকরো করা পলিথিন প্রক্রিয়াজাত করে পুনর্ব্যবহারযোগ্য উপাদানে রূপান্তর করবে। পরবর্তী সময়ে এসব উপাদান নতুন পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply