মোঃমিজানুর রহমান (বিশেষ প্রতিনিধি):-মৌলভীবাজারে প্রতিপক্ষকে হত্যা মামলায় ফাঁসানোর পরিকল্পনায় নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে হত্যা করেছিলেন বাবা। সেই নির্মম হত্যাকাণ্ডের প্রায় ১২ বছর পর শরীফ আলী নামে ওই বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন মৌলভীবাজারের আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুবিল গ্রামে জমি নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন শরীফ আলী। একপর্যায়ে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে হত্যা করে তার দায় প্রতিপক্ষের ওপর চাপানোর চেষ্টা করেন তিনি।
তবে শেষ পর্যন্ত সত্য গোপন থাকেনি। ঘটনার বিষয়টি জানতে পেরে শরীফ আলীর স্ত্রী স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ মামলাটির রায় ঘোষণা করেন মৌলভীবাজারের দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালত।
রায়ে নিষ্পাপ শিশুকন্যাকে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
নিজের স্বার্থে নিজেরই সন্তানকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর এমন নির্মম ঘটনায় আদালতের এই রায় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply