হুমায়ুন কবির সবুজ ঢাকা, ২৫ আগস্ট ২০২৬: বাংলাদেশের সংসদীয় নির্বাচন ও জাতীয় গণভোট ২০২৬-এর নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন ও তা নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়েছে ‘স্টেকহোল্ডার ডায়ালগ’। অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (AFED)-এর উদ্যোগে মঙ্গলবার গুলশান-১-এর লেকশোর হাইটসে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজাল মোহাম্মদ সানাউল্লাহ (অব.)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের নিবন্ধন ও জাতীয় সংগীত পরিবেশনের পর AFED-এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসিওয়াচের চেয়ারপারসন ও AFED বোর্ড সদস্য মিস তালেয়া রহমান। এরপর ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (EPD)-এর আওতাধীন কারিগরি সহায়তা অংশীদার AHEAD Bangladesh-এর প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস উইবাওয়া এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের গভর্ন্যান্স, সিভিল সোসাইটি অ্যান্ড হিউম্যান রাইটস বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার জুলস সেইটজ বক্তব্য দেন।
সংলাপে নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২৬-এর বিভিন্ন পর্যবেক্ষণ, ফলাফল ও সুপারিশ তুলে ধরেন AFED-এর সদস্য সচিব ও লাইট হাউসের প্রধান নির্বাহী মো. হারুন-অর-রশীদ। পরে উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা প্রতিবেদন নিয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন। এ পর্বটি সঞ্চালনা করেন SERAC-এর নির্বাহী পরিচালক ও AFED বোর্ড সদস্য এস এম সাইকাৎ।
অনুষ্ঠানে নির্বাচন বিশেষজ্ঞ ড. আবদুল আলীম প্রতিবেদন নিয়ে মন্তব্য করেন। এরপর প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা ১২ আসনের মাননীয় এমপি সাইফুল আলম খান মিলন, শিরীন সুলতানা, সাজেদা সামাদ, নুসরাত তাসবিহা এবং সুরাইয়া জেরিন, সংসদ সদস্য হিসেবে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। এছাড়া ন্যাশনাল উইমেন ফোর্স/NCP-এর কনভেনর মোনিরা শারমিন প্যানেল আলোচনায় অংশ নেন।
সংলাপের শেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজাল মোহাম্মদ সানাউল্লাহ (অব.)। পরে সমাপনী বক্তব্য দেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও AFED-এর কো-চেয়ার অ্যাডভোকেট রোখসানা খন্দকার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন নিয়ে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ এবং গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করার লক্ষ্যে এ সংলাপের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন অংশীজন, নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে ফটোসেশন এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply